নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলার পর ৩ শতাধিক শিক্ষার্থী অপহূত

আলজাজিরা

নাইজেরিয়ার স্কুলে আবারও বন্দুকধারীদের হামলা হয়েছে। হামলার পর তিন শতাধিক ছাত্রী অপহূত হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে স্কুল শিক্ষার্থী অপহরণের এটি দ্বিতীয় ঘটনা। 

দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুলের হোস্টেলে ঐ হামলার ঘটনা ঘটে। গতকাল সরকারের একজন মুখপাত্র জানান, অজ্ঞাত বন্দুকধারীদের হামলার পর কয়েক শ শিক্ষার্থীর হদিশ মিলছে না। আশঙ্কা করা হচ্ছে হামলাকারীরা তাদের অপহরণ করেছে। রাজ্যের তথ্য কমিশনার সুলাইমান তানুয়া আংকা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কত জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে তার সঠিক সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে অনেক শিক্ষার্থী অপহূত হয়েছে এটি পরিষ্কার। তিনি বলেন, বন্দুকধারীরা ঝড়ের গতিতে গুলি করতে করতে স্কুলে ঢুকে ত্রাস সৃষ্টি করে অপহরণ করে। তিনি বলেন, অপহরণকারীদের মধ্যে কেউ গাড়ি নিয়ে আসে আবার কেউ পায়ে হেঁটে স্কুলে প্রবেশ করে। কোনো কিছু বোঝার আগে সব কিছু ঘটে যায়।