পরকীয়ায় আসক্ত স্বামীকে পরিবারে ফিরিয়ে আনল পুলিশ

বিশেষ প্রতিনিধি

পুরান ঢাকায় পরকীয়ায় আসক্ত স্বামীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ। ইমরান আকন অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। তাই তিনি স্ত্রী ও শিশুসন্তানকে ফেলে চলে যান। অবশেষে স্ত্রীর সহযোগিতা ও স্বামীর ইচ্ছায় এবং কোতোয়ালি থানা পুলিশের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়েছে এবং ইমরান আকন বর্তমানে তার স্ত্রী ও সন্তানের সঙ্গে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেইজ’-এর ইনবক্সে এক নারী ম্যাসেজ পাঠান। তার দেওয়া সম্ভাব্য সব তথ্য বিশ্লেষণ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা এলাকার একাধিক স্থানে ইমরানের অবস্থান নির্ণয় করা হয়। মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের মধ্যস্থতা ও সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে এসআই শেখ শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালায়। এক পর্যায়ে বৃহস্পতিবার ইমরান আকনকে রূপগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।