রায়পুরে বিএনপির মেয়র প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রায়পুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এ বি এম জিনালীর বাসার সামনে গতকাল শুক্রবার সকালে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা বিএনপির প্রার্থীসহ দলের নেতাকর্মীদের তিন ঘণ্টা বাসায় অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধান হাটা সড়কে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের সামনে বিএনপির প্রার্থী জিলানীর বাসা। অবরুদ্ধের তিন ঘণ্টা পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আক্তার জাহান সাথী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আগামী রবিবার এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা।

জানা গেছে, গতকাল সকাল ৯টার দিকে ঐ বাসার সামনে রাস্তায় প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায়। নির্বাচনের দিন তিনিসহ (বিএনপির প্রার্থী) দলীয় নেতাকর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত না থাকতে হুমকি দেওয়া হয়। বিষয়টি তাত্ক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী ও ওসি আবদুল জলিল জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে পটকা ফোটানো হয়েছে। পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষের লোকদের ঘটনাস্থল থেকে বিদায় করা হয়েছে।’ বিএনপির প্রার্থী জিলানী বলেন, ‘প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে।’ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল জানান, ‘আমাকে হেয় করার জন্য প্রতিপক্ষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।’ জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘মোবাইলে বিএনপি প্রার্থীর অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’