প্রচারণার শেষ দিনে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিন জন কর্মী। শুক্রবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থিত নেতাকর্মীরা এ হামলার জন্য দলের স্থানীয় একটি গ্রুপকে দায়ী করেন। এ ঘটনায় উপজেলা সদর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। প্রচার-প্রচারণার শেষ দিন ছিল গতকাল শুক্রবার। এ উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় উপজেলা সদরে আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে মিছিল বের করে নেতাকর্মীরা। এসময় দলের অপর গ্রুপের নেতাকর্মীরা ঐ মিছিলে হামলা চালালে ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। এ সময়ে তিন জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় প্রাইভেট হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ফয়েজ মালী ও সাহাব উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা সদরে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, সেখানে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।