কোস্ট গার্ড কন্টিনজেন্ট নরসিংদীর রায়পুর থানাধীন পুরানবেড়ী ঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সাত ডাকাত সদস্যকে আটক করেছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে সন্দেহজনক দুইটি নৌকা থামার জন্য সংকেত দেওয়া হলে ডাকাত দল নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা এ সময় ধাওয়া করে একটি নৌকা ও ডাকাত দলের সাত সদস্যকে আটক করে। পরে জব্দকৃত নৌকা তল্লাশি করে পাঁচটি রামদা, একটি চোখা রাকসা, একটি লোহার পাইপ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। আটককৃতরা হলো—আক্তার মোল্লা, দীন ইসলাম হাওলাদার, বাকের শিকদার, মোক্তার মোল্লা, ইসমাইল মোল্লা, আক্তার রারী এবং শফিক হাওলাদার। আটককৃতরা সবাই বরিশাল জেলার হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের বাসিন্দা।