এমন নেতিবাচক চরিত্রই খুঁজছিলাম

 

g বিনোদন ডেস্ক

 

বলিউড তারকা পরিনীতি চোপড়া এরইমধ্যে নিজের ক্যারিয়ারের ঝুলিতে জমা করেছেন বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা। নিজের বোন প্রিয়াঙ্কা চোপড়া কারণে নয়, নিজের যোগ্যতা দিয়েই দর্শকহূদয়ে জায়গা করেছেন এই অভিনেত্রী। এছাড়া প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে বেশ সিদ্ধহস্ত তিনি। সেই ধারাবাহিকতায় রিভু দাশগুপ্তা পরিচালিত ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ সিনেমায় নতুনরূপে দেখা দিতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি শিগগিরই নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। এই সিনেমাটির মাধ্যমেই নতুন বছর শুরু করতে যাচ্ছেন তিনি। এছাড়া এবারই প্রথম নেতিবাচক চরিত্রে তাকে দেখবে সিনেপ্রেমীরা। পরিনীতি বলেন, ‘আমি সবসময়ই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ক্যারিয়ারের শুরু থেকেই আমি এমন একটি চরিত্র খুঁজছিলাম। এমন কিছু করতে চাচ্ছিলাম যে, সবাই দেখে অবাক হবেন এবং আমাকে চ্যালেঞ্জ জানাবেন। বলতে পারেন, আমি দ্য গার্ল অন দ্য ট্রেন-এর মতোই কিছু চেয়েছিলাম। দীর্ঘদিন রোমান্স, কমেডি, অ্যাকশন সিনেমায় কাজ করার পর এমন চরিত্রে দর্শকরা আমাকে দেখে নিশ্চয় চমকে যাবেন।’