হাইতিতে বন্দি পালানোর সময় কারা পরিচালকসহ নিহত ২৫

হাইতির একটি কারাগার থেকে পালিয়ে গেছে চার শতাধিক বন্দি। এই সময়ে রক্ষীদের সঙ্গে সংঘর্ষে কারা পরিচালক ও এক গ্যাংলিডারসহ নিহত হয়েছেন অন্তত ২৫ জন। গত বৃহস্পতিবার রাজধানীর উপকণ্ঠের একটি কারাগারে এসব ঘটনা ঘটে। খবর রয়টার্সের

ধারণা করা হচ্ছে, গ্যাংলিডার আর্নেল জোসেফকে মুক্ত করে নিতে তার সহযোগীরা বৃহস্পতিবার কারাগারে হামলা চালায়। ২০১৯ সালে ধর্ষণ, খুন, অপহরণের অভিযোগে গ্রেফতারের আগে হাইতির মোস্ট ওয়ান্টেড অপরাধী ছিল জোসেফ। কারাগারেও তার পায়ে শেকল পরিয়ে রাখা হতো। হাইতি পুলিশের মুখপাত্র গ্যারি দেসরোসাইয়ার বলেছেন, গত শুক্রবার আর্নেল জোসেফকে একটি মোটরসাইকেলে থাকা অবস্থায় একটি চেকপোস্টে দেখা যায়। সেখানে গ্রেফতারের চেষ্টা করা হলে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় তার মৃত্যু হয়।

কারাগার থেকে বন্দি পালানো নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি হাইতি কর্তৃপক্ষ। তবে ৬০ বন্দিকে আবারও গ্রেফতারের তথ্য জানিয়ে বলা হয়েছে, তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বন্দুকধারীরা কারারক্ষীদের ওপর গুলিবর্ষণ শুরু করলে ভেতর থেকে বন্দিরা পালাতে শুরু করে। ২০১৪ সালেও একই কারাগার থেকে তিন শতাধিক বন্দি পালিয়ে যায়। ধারণা করা হয়, বিখ্যাত এক ব্যবসায়ীর ছেলেকে মুক্ত করতে সেবার কারাগারে হামলা চালানো হয়। হামলার দুই দিনের মাথায় ওই ব্যবসায়ীর ছেলেকে আবারও গ্রেফতার করে দেশটির পুলিশ।