ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ, জানিয়েছে বিসিসিআই। এই টেস্টে বুমরাহর বদলি হিসেবে কাউকে আনা হচ্ছে না। মোতেরার দিবারাত্রির টেস্টের জন্য আবার দলে ফিরেছিলেন বুমরাহ। কিন্তু গোলাপি বলের এই টেস্টে তিনি বল করতে পেরেছেন মাত্র ছয় ওভার। দুই টেস্টে ৪৮ ওভার বল করে ৪ উইকেট নিয়ে সিরিজ শেষ করছেন এই ডানহাতি পেসার। সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। ওদিকে ভারত সফরে কোনো টেস্ট না খেলেই দেশে ফিরে যাচ্ছেন ইংল্যান্ড অলরাউন্ডার ক্রিস ওকস।