ভেদরগঞ্জে সরকারি খালে অবৈধ স্থাপনা নির্মাণ

উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সত্যপুর বাজারসংলগ্ন ইউনিয়ন পরিষদের সরকারি খালের অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ঐ স্থানে স্থাপনা নির্মাণ করা বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য নিষেধাজ্ঞা জারি করলেও তা মানা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, দোকান ঘরটি নির্মিত হলে বর্ষাকালে এলাকার পানি নিষ্কাশন ব্যাহত হবে। ফলে ইরি মৌসুমে পানি সেচ ব্যবস্থারও অসুবিধা হবে।

সরেজমিনে দেখা গেছে, সত্যপুর বাজারের পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে সরকারি ব্রিজের সঙ্গে খালের ওপর আরসিসি পিলার দিয়ে দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় মৃত আবদুল হাসেম মীরের ছেলে মোক্তার হোসেনসহ সংশ্লিষ্টরা। ইতিমধ্যেই কাজ প্রায় অর্ধেকের বেশি শেষ হয়েছে। জানা যায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রুবেল মীরের উপস্থিতিতে নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দেন।

এ বিষয়ে মোক্তার হোসেন বলেন, ‘আমার জায়গায় আমি মাটি ভরাট করে পাকা বিল্ডিং করে দোকান বানাইতেছি। সরকারের জায়গা হলে পরে বুঝা যাইবোনে।’ ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য বলেন, অবৈধ দখলদার ব্যক্তিদের বিরুদ্ধে উচ্ছেদ মামলা রুজু করার জন্য আদেশ দিয়েছি। মামলা রুজু হলেই ঐ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ বলেন, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সরকারি জায়গা থেকে দোকানঘর উচ্ছেদ ও বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।