চন্দনাইশের খানহাট রেলস্টেশন
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের চন্দনাইশ উপজেলার হাশিমপুর খানহাট রেল স্টেশনটি জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। এতে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় সাধারণ ট্রেন যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, চন্দনাইশ উপজেলার হাশিমপুর খানহাট রেল স্টেশনের প্ল্যাটফরমে ছড়িয়ে রাখা হয়েছে চেরাই করা কাঠ। এতে যাত্রী সাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। লোকবল সংকটের কারণে বুকিং ইনচার্জকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এমনকি টিকিট বিক্রি কাজে রেলের কর্মচারী নন এমন এক ব্যক্তি সহায়তা করছেন। স্টেশনে যাত্রীদের টিকিট প্রদানের সঙ্গে জড়িত আবুল ফজল জানান, চন্দনাইশের খানহাট রেল স্টেশনে হতে দোহাজারী স্টেশনে যাতায়াতের টিকিট কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে না। এতে এ রুটের যাত্রী সাধারণ বিনা টিকিটে যাতায়ত করতে বাধ্য হচ্ছে।
খানহাট স্টেশন হতে দোহাজারী রুটে নিয়মিত যাতায়াতকারী পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াদ জানান, এ রুটের ট্রেনে টিকিট পাওয়া যায় না। অনেকে কাউন্টারে খোঁজ করলেও টিকিট নেই বলে জানিয়ে দেওয়া হয়। প্রায় বছরখানেক ধরেই এই অবস্থা। বলতে গেলে, এ রুটে বিনা টিকিটেই লোকজন যাতায়াত করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ইছহাক ও আয়ুব আলী জানান, দিনে চার বার ট্রেন যাতায়াত করলেও খানহাট স্টেশনে যাত্রী চলাচলের কোনো স্বাভাবিক পরিবেশ নেই। রেলের নিজস্ব জনবলের সংকট এখানে তীব্র। এমনকি স্টেশন মাস্টারের পদটিও দীর্ঘদিন ধরে শূন্য। তাছাড়া বুকিং ক্লার্ক থাকলেও তিনি সার্বক্ষণিক স্টেশন এলাকায় থাকেন না।
স্টেশনের বুকিং ইনচার্জ গোপী নাথ মজুমদার জানান, এখান থেকে দোহাজারী স্টেশনের উদ্দেশ্যে যাতায়াতকারী যাত্রীদের টিকিট অনেক দিন ধরেই নেই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি একাধিকবার জানিয়েছি। তাছাড়া এখানে স্টেশন মাস্টারসহ বিভিন্ন পদে লোকবল সংকট রয়েছে। এতে স্টেশনের কাজে কিছুটা প্রভাব পড়লেও আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম জেলা ডিভিশনাল কমার্শিয়াল অফিসার আনছার আলী বলেন, খানহাট স্টেশন নিয়ে যাত্রীদের বিভিন্ন অভিযোগ শিগিগর খতিয়ে দেখা হবে।