জিরা চাষে আসছে না সফলতা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

জিরা চাষে এখনো সফলতা আসেনি। বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র ও  উপকেন্দ্রগুলোতে বাংলাদেশে চাষ উপযোগী জিরার জাত উদ্ভাবনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। মসলা গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে আলাপকালে জানান, ইরান, ভারত, সিরিয়া ও পাকিস্তানে জিরার চাষ হয়। প্রতি বছর আমদানি করে দেশে জিরার চাহিদা মেটানো হয়। বগুড়ার শিবগঞ্জের মসলা গবেষণা কেন্দ্র, মাগুরা, গাজীপুর ও কুমিল্লায় আঞ্চলিক এবং লালমনিরহাট, ফরিদপুর ও খাগড়াছড়িতে মসলা গবেষণা উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বিভিন্ন মসলা জাতীয় ফসলের বাংলাদেশে চাষ উপযোগী উন্নত জাত উদ্ভাবনের জন্য গবেষণা করছেন কর্মরত কৃষি বিজ্ঞানীরা। তারা জিরার জাত উদ্ভাবনেরও চেষ্টা চালাচ্ছেন। ১০ বছরেরও বেশি সময় ধরে তারা জিরার জাত উদ্ভাবনের চেষ্টা করছেন। মাগুরা মসলা গবেষণা কেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, একটি গবেষণা প্লটে জিরা চাষ করা হয়েছে। গাছ দেখতে মৌরি গাছের মতো। তবে আকারে ছোট। খেতের কিছু গাছ মরে গেছে, কিছু বেঁচে আছে। ফলও ধরেছে। প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ বলেন, বগুড়া মসলা গবেষণা কেন্দ্রে বাংলাদেশে চাষ উপযোগী জিরার জাত উদ্ভাবনে সফলতা এসেছে। নাম দেওয়া হয়েছে বারি জিরা-১। তিনি বলেন, জিরা চাষে শুষ্ক আবহাওয়া প্রয়োজন।