ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নীলফামারী :নীলফামারীতে শনিবার সকালে ইপিজেডের শ্রমিক বহনকারী অটোবাইকের সঙ্গে কোচের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১১ জন। নিহত সনিক কোম্পানীর শ্রমিক মশিউর রহমান সদরের কানিয়ালখাতা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নীলফামারী থানার উপ-পরিদর্শক পরিতোষ চন্দ্র রায় জানান, আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মান্দা (নওগাঁ) :মান্দা উপজেলার দেলুয়াবাড়ী হাটসংলগ্ন আদিবাসী পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন উপজেলার গোয়াল মান্দা এলাকার মোমতাজ উদ্দিনের ছেলে। দেলুয়াবাড়ী ভার্ক অফিস থেকে মোটরসাইকেল যোগে যাবার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের আদিবাসী পাড়া এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
খুলনা অফিস :খুলনায় শুক্রবার রাতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। নগরীর আড়ংঘাটা রেল স্টেশনের বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরাজ ও ফাহাদ। তারা বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জের কাঁচপুরের বাসিন্দা।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। চালক পলাতক।