চরবেতাগৈর ইউপির সংরক্ষিত সদস্য পদে উপনির্বাচন আজ

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হবে। তিনটি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মোসা. মমতাজ বেগম (মাইক), মোসা. সখিনা আক্তার (হেলিকপ্টার), মোসা. হাসিনা আক্তার (তালগাছ) এবং মোসা. রেহেনা খাতুন (সূর্যমুখী ফুল)। নান্দাইল উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নিপা আক্তার সুমির মৃত্যুতে আসনটি শূন্য হয়।