রাজৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—চৌরাশী গ্রামের গ্রাম পুলিশ গৌতম ভক্তের ছেলে সুজন ভক্ত (২) ও একই গ্রামের সুনীল রায়ের ছেলে অঙ্কুশ রায় (৭)। জানা যায়, দুপুরে যমজ ভাই রিপন ভক্ত ও সুজন ভক্ত বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গেলে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুই ভাইকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক সুজন ভক্তকে মৃত ঘোষণা করেন। একই দিন সন্ধ্যায় একই গ্রামের শিশু অঙ্কুশ রায় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পুকুর থেকে অঙ্কুশকে উদ্ধার করে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। রাজৈর থানার ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।