বরিশাল অফিস
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল সমাপ্ত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় সমাপনী বক্তব্য ও আখেরি মোনাজাত পরিচালনা করেন পির সাহেব চরমোনাই হজরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সমাপনী অধিবেশনের বয়ানে পির সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। মোনাজাতে পির সাহেব চরমোনাই বিশ্বের নির্যাতিত মুসলমানদের ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
অস্থায়ী হাসপাতালে ১১ মুসল্লির ইন্তেকাল
গত ২৪ ফেব্রুয়ারি বাদ জোহর মাহফিল শুরুর পর থেকে গতকাল শনিবার পর্যন্ত মাহফিলের অস্থায়ী হাসপাতালে ১১ মুসল্লি ইন্তেকাল করেন। চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ এ তথ্য জানান। এরা হলেন—বাকেরগঞ্জের খলিলুর রহমান (৫০), বরিশাল নগরীর নজরুল ইসলাম (৫৫), নওগাঁর রুহুল আমিন (৬৮), সিরাজগঞ্জ সদরের আকরাম মোল্লা (৬০), মাগুরা আসাফ ফকির (৫৫), পিরোজপুরের মানসুর রহমান (৫৪), টাঙ্গাইলের নূর মোহাম্মদ (৩৫), নারায়ণগঞ্জের মোহাম্মদ উল্লাহ সোহরাব (৩৫), নরসিংদীর আমিনুল ইসলাম (৭৫), রংপুরের আবুল কালাম (৫০) ও কুমিল্লার রফিকুল ইসলাম (৬০)।
মুসল্লিবাহী দুই ট্রলারডুবি
চরমোনাইর ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে গতকাল কীর্তনখোলা নদীতে মুসল্লিবাহী দুটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ট্রলারডুবির পর সবাই সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছেন। কেউ নিখোঁজ বা আহত হয়েছেন এমন কোনো সংবাদ পায়নি পুলিশ।