কাল সোমবার উচ্ছেদ শুরু
চট্টগ্রাম অফিস
লালদিয়ার চরে উচ্ছেদ নিয়ে বন্দর কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে দীর্ঘ দুই ঘণ্টা ব্যাপী বৈঠকে বন্দর কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ নিয়ে অনড় অবস্থানের কথা আন্দোলনকারীদের জানিয়ে দিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর রেস্ট হাউজে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ফলে আগামীকাল সোমবার বন্দরের বৃহত্ উচ্ছেদ অভিযান শুরু হবে।
আন্দোলনকারী জানান, সরকার বিকল্প আবাসনের ব্যবস্থা না করলে লালদিয়ার চরে তাদের বসতভিটা না ছাড়ার দাবি তুলে ধরেন। বৈঠকে উচ্ছেদ অভিযান নিয়ে আরো সময় চেয়েছেন তারা। কিন্তু বন্দর কর্তৃপক্ষ আর সময় দিতে রাজি হয়নি। বৈঠকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহান, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম ও আন্দোলনকারীদের পক্ষে লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলমগীর হাসান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমেদ, সাবেক কাউন্সিলর মো. আসলাম উপস্থিত ছিলেন।
এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য আজ রবিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দর কর্তৃপক্ষের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।