আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

ইত্তেফাক রিপোর্ট

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির যে অভিযোগ উঠেছে তা গড়িয়েছে বহুদূর। দুর্নীতি দমন কমিশন (দুদক), অর্থ মন্ত্রণালয়, উচ্চ আদালত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্তও গেছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার ভিত্তিতে একটি তদন্ত কমিটি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তিন সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে গত সপ্তাহে। ১৫ কার্যদিবসের মধ্যেই কমিটিকে এ নিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছিল ডেল্টা লাইফ ইনসিওরেন্স। এ অভিযোগে বীমা খাতসহ পুরো আর্থিক খাতেই বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। একই সঙ্গে আইডিআরের আগের চেয়ারম্যানদের অন্যায় অনিয়মের বিষয়টিও সামনে চলে আসে। জানা গেছে, আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত কমিটির প্রধান করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদকে। সদস্য হিসেবে রয়েছেন একই বিভাগের যুগ্ম সচিব মৃত্যুঞ্জয় সাহা ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন চৌধুরী।