ধামরাইয়ে কিছুতেই থামছে না মাটি কেটে ফসলি জমি বিনষ্টকরণ। এ উপজেলায় দুই শতাধিক ইটভাটা রয়েছে ,যার অধিকাংশই অবৈধ। ফসলি জমি নষ্ট করে মাটি নেওয়া হচ্ছে এ সব ভাটায়। এতে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। তবে যাদের এ সব দেখার কথা তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। কোনো কোনো ক্ষেত্রে অবৈধ ইটভাটার সঙ্গে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ রয়েছে। কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অনেকগুলো ভাটা রয়েছে। বাস্তা- নয়াচর এলাকায় ‘এসএমজে’ এবং ‘এমএবি’ ভাটায় ইট বানানোর জন্য এলাকার ফসলি জমি নষ্ট করে প্রতিনিয়ত মাটি আনা হচ্ছে।
একইভাবে কালামপুর থেকে কাওয়ালীপাড়া, শ্রীরামপুর থেকে সূয়াপুর, সূতিপাড়া থেকে নান্নার, বেলীশ্বর থেকে জালসা, কালামপুর থেকে বান্নাখোলা, ডাউটিয়া থেকে শ্রীরামপুর, সূতিপাড়া, বাথুলী, বারবাড়িয়া, বেলীশ্বর নয়াচর, দক্ষিণ বাথুলী, শরীফবাগ থেকে ভাড়াড়িয়াসহ উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য ভাটায় ফসলি জমি নষ্ট করে মাটি নেওয়া হচ্ছে। এ সব বন্ধ করা জরুরি হয়ে পড়েছে। তাই ধামরাই রক্ষার প্রতিশ্রুতি হোক ভাষার মাসের অঙ্গীকার।