ইত্তেফাক রিপোর্ট
সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় স্থানীয় কিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, কারখানা কর্তৃপক্ষ প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে পরিশোধ করে থাকে। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি শ্রমিকদের জানুয়ারি মাসের পুরো বেতন পরিশোধ না করে আংশিক পরিশোধ করে এবং বাকি টাকা আগামী মাসের ১০ তারিখে পরিশোধের আশ্বাস দেয়। এ ঘটনায় শ্রমিকরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত না মেনে গতকাল শনিবার সকালে কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মারমোড় এলাকায় অবস্থান নিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
শিল্প পুলিশ-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হেলাল উদ্দিন ভুঁইয়া বলেন, পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।