ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গড়ে উঠেছে নিরাপদ সবজি পয়েন্ট। উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলীর উদ্যোগে মাছ, সবজি ও ফলমূলের একটি বিশাল আড়ত্ গড়ে উঠায় শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। দূরদূরান্ত থেকে আগত পাইকাররা এখানে ভিড় জমাচ্ছেন। পরিবেশবান্ধব কৌশলে নিরাপদ ফসল উত্পাদন প্রকল্পের আওতায় উত্পাদিত নিরাপদ সবজি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে উপজেলা কৃষি অফিস তথা সরকারি উদ্যোগে এখানে নিরাপদ সবজি পয়েন্ট স্থাপিত হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা আরিফুল হাসান। এক যুগেরও অধিককাল ধরে ধামরাই ও আশেপাশের উপজেলায় নিরাপদ সবজি উত্পাদনকারী সংস্থা এসডিআইয়ের উদ্যোক্তা চাষিদের উত্পাদিত নিরাপদ সবজিও এখানে সহজপ্রাপ্য বলে জানা যায়।