গতকাল শনিবার আরিচা-কাজীরহাট রুটে ফেরি সার্ভিস পুনরায় চালু হয়েছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল পাবনার কাজীরহাট উচ্চবিদ্যালয় মাঠে ফেরি সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে এক এক করে দেশের প্রায় সব নদী দখল হতে থাকে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দেশের সব নদী দখলমুক্ত ও নব্যতা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা সরকারের চেয়ে কখনো বেশি হতে পারে না। প্রতিমন্ত্রী বলেন, পাবনার ইছামতি নদী দখলমুক্ত ও খনন করতে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ভবিষ্যেত পাবনা হবে উত্তরাঞ্চলের প্রাণচঞ্চল জেলা।
বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, এ এম নাইমুর রহমান (দুর্জয়) এমপি, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল প্রমুখ। এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মানিকগঞ্জের আরিচা ঘাটে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন। এখন থেকে প্রতিদিন চারটি ফেরি আরিচা-কাজীর হাট রুটে চলাচল করবে।
উদ্বোধনী ট্রিপে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আরিচা থেকে ১৫টি মালবোঝাই ট্রাক নিয়ে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ নামক রো-রো ফেরি কাজীরহাট রওনা দেয়। ‘বেগম রোকেয়া’ ফেরিতে মন্ত্রীসহ ভিআইপিরা কাজীরহাট পৌঁছান।