কারাগারে মৃত্যু হওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ। এর আগে গত শুক্রবার রাতে তাকে ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় সাদাপোশাকের পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রুহুল আমিন। তিনি মুশতাক আহমেদের সঙ্গে গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের নগরীর খালিশপুরের বাসায় ভাড়া থাকতেন। সেই বাসা থেকেই তাকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে আটক করা হয় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সংগঠক নিয়াজ মুর্শিদকে। তবে রাত সাড়ে ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
রুহুল আমিন তার ফেসবুক আইডিতে লেখক মুশতাক আহমেদের কয়েকটি পোস্ট উল্লেখ করে মন্তব্য করেন, ‘এই সব লেখায় যদি লেখক মুশতাক’ এর কারাবাসের কারণ হয়, অতঃপর ছয়বার জামিন নামঞ্জুর করে কারাগারেই তাকে হত্যা করা হয়, তবে গ্রেফতার কর আমাকেও’।
বিষয়টি নিশ্চিত করেছে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ বলেন, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে খালিশপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে। ঐ মামলা ডিবি-ই তদন্ত করছে।
এদিকে রুহুল আমিনকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ঐ মিছিল শুরু হয়। সেখানে সমাবেশ শেষে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কের সামনে গিয়ে শেষ হয়।