বরিশালে বাসচাপায় সাবেক এনএসআই কর্মকর্তা নিহত

বরিশালে বাসচাপায় সাবেক এক এনএসআই কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরো দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

বরিশাল : বরিশালে বাসচাপায় মোবারক হোসেন হাওলাদার (৭০) নামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বরিশাল ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোবারক হোসেন বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকার বাসিন্দা। মোবারক মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পেছন থেকে বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে মোবারকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের বাধায় রহমতপুর ব্রিজ এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় বাসের চালক ও হেলপার।

সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুর ইটবোঝাই ট্রলি পিছন থেকে ধাক্কা দিলে বাঁধন ইসলাম (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাস রাবেয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বাঁধন উপজেলার হাজিবাড়ি এলাকার হামিদুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে বিয়ে করেন।

সাতক্ষীরা :সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শহরের তালতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুস সামাদ খাঁর ছেলে মনিরুল ইসলাম (৪০) ও ইশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।