আর্মেনিয়ায় সরকারি ভবনে ঢুকে বিক্ষোভ

আর্মেনিয়ায় প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বিরোধী দলগুলো। বিক্ষোভকারীরা দেশটির রাজধানী ইয়েরেভানের একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে। আজ সোমবার (১ মার্চ) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

গত বছর নাগার্নো-কারাবাখে আজারবাইজানের কাছে পরাজয়ের পর থেকেই আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ সম্প্রতি জোরদার হয়েছে।

কারাবাখ যুদ্ধে আজারবাইজানের কাছে শোচনীয় পরাজয়ের জন্য এই পাশিনিয়ান সরকারকে দায়ী ও পদত্যাগ দাবি করে আসছে বিক্ষোভকারীরা। এ সময় তাদের ‘নিকোল তুমি বিশ্বাসঘাতক’ ও ‘নিকোল তুমি সরে যাও’ এসব স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মেগাফোন হাতে কয়েকজন বিক্ষোভকারী সরকারি ভবনে ঢুকে পড়লেও পুলিশ দাঁড়িয়ে থেকে কোনো কিছুই করেনি।

গত বৃহস্পতিবার সরকার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি সমাবেশের পর আজ সোমবার আবার বিক্ষোভ অনুষ্ঠিত হলো। দেশটির সেনাবাহিনীও পাশিনিয়ান সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে।

ইত্তেফাক/টিআর