সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু

বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সোমবার সকালে ট্রাক্টরের চাপায় মো. তানভীর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মধ্য যতনপুকুলী এলাকায় এ ঘটনা ঘটে। তানভীরের বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মধ্য যতনপুকুরী গ্রামে। তিনি ঐ গ্রামের শ্রমিক তাহেরুল ইসলামের ছেলে।

পঞ্চগড় থানার উপ-পরিদর্শক মো. কাইয়ুম আলী জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি অবৈধ যান লাটা হাম্বার উলটে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলহাস হোসেন উপজেলার নরেন্দ্রপুর গ্রামের হারেজ মল্লিকের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জিলহাস লাটা হাম্বার চালিয়ে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুর যাচ্ছিলেন। নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে যায়। স্থানীয়রা জিলহাসকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা শহরের প্রাণকেন্দ্র দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নুরেজা আক্তার নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের দরুণ সাহ্তা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের চালককে আটক করে পুলিশে দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।