চাই ফুটপাতে নিরাপদে হাঁটার পরিবেশ

নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট ও আরো কয়েক সংগঠনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত পদযাত্রা থেকে। গতকাল রবিবার খিলগাঁও তালতলা মার্কেট থেকে পল্লীমা সংসদ পর্যন্ত পদযাত্রা থেকে পর্যবেক্ষণ করে বলা হয়, অধিকাংশ পথই হাঁটার অনুপোযোগী। এ সময় বক্তরা বলেন, যানজট, স্বাস্থ্য, পরিবেশ, জ্বালানি, অবকাঠামো—সবকিছু বিবেচনায় হাঁটা সবচেয়ে সুবিধাজনক যাতায়াতমাধ্যম। অথচ হাঁটার পরিবেশ উন্নত করার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। হাঁটার জন্য অবকাঠামো অর্থাত্ ফুটপাত, সমতলে রাস্তা পারাপারে ক্রসিংয়ের ব্যবস্থা এবং গলি রাস্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেই। বিদ্যমান ফুটপাতগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার প্রতি নজর দেওয়া হয় না। এ জন্য হাঁটতে গিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ভোগান্তি সবচেয়ে বেশি। ফুটপাতে এবং সড়কের পাশে নির্মাণসামগ্রী রাখা, সড়ক অসমান এবং ভাঙাচোরা থাকার ফলে চলাচলে পথচারীদের বিড়ম্বনার সৃষ্টি হয় এবং দুর্ঘটনায় আহত হওয়ার আশঙ্কা  থাকে। শুধু তাই নয়, ফুটপাতে অবৈধভাবে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল পার্কিং করে রাখার কারণে অনেক সময় এলাকায় রীতিমতো যানজটের সৃষ্টি হয়। পথচারীদের ঝুঁকি নিয়ে পথ চলতে হয় সড়কে।

পদযাত্রায় সভাপতিত্ব করেন নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান, পল্লীমা সংসদের সাধারণ সম্পাদক আওয়াল কামরুজ্জামান ফরিদ, হলি টাইমস পত্রিকার সম্পাদক শ্যামল কান্তি নাগ, ডব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ অনন্যা রহমান, আইডব্লিউবির প্রকল্প কর্মকর্তা তালুকদার রিফাত পাশা, পলিসি অফিসার আ ন ম মাসুম বিল্লাহ ভূঞা। পদযাত্রার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান প্রমুখ। এতে অংশ নেয় পল্লীমা সংসদ, পরিবেশ বাঁচাও আন্দোলন, খিলগাঁও সামাজিক সংস্থা, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, পশ্চিম চৌধুরীপাড়া কল্যাণ সমিতি, কারফ্রি সিটি এলায়েন্স, ইনস্টিটিউট অব ওয়েলবিয়ং বাংলাদেশ।

পদযাত্রা থেকে হাঁটার পরিবেশ সৃষ্টিতে  কিছু সুপারিশও তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে ফুটপাত তৈরি, রক্ষণাবেক্ষণে পথচারীর উপযোগিতাকে প্রধান্য দেওয়া, সমতলে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, সাইন, সিগন্যাল লাইট ও সাইনবোর্ড স্থাপন, হুইলচেয়ার ব্যবহারকারীর জন্য ফুটপাতে ঢালুপথ (র্যাম্প) তৈরি, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারোপযোগী করে ফুটপাতে টেকটাইল্স স্থাপন,  পর্যাপ্ত বাতির ব্যবস্থা, যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, ফুটপাত ও সড়কে অবৈধ পার্কিং বন্ধ এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ, অযথা হর্ন ব্যবহার বন্ধ, পাবলিক টয়লেট ও পথচারীর বসার ব্যবস্থা নিশ্চিতকরণ, ফুটপাত তৈরি এবং রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ উল্লেখযোগ্য।