আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার

গাজীপুর ও কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলেন- আশিক ইকবাল জনি ও রফিকুল ইসলাম রুবেল ওরফে ইমতিয়াজ ওরফে আব্বাস। গত শনিবার ও রবিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গতকাল র্যাব-২ এর এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, রবিবার রাতে গাজীপুরের টঙ্গী বাইপাস রোড এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ‘সংগঠন আনসার আল ইসলামের সদস্য আশিককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ম্যাগজিন ও ১১টি ইসলামিক জঙ্গিবিষয়ক বই জব্দ করা হয়। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এদিকে শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর খালপাড় এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে র্যাব। রফিক গত বছরের ৯ সেপ্টেম্বর আনসার আল ইসলামের চার শীর্ষ জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনায় কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলার পলাতক আসামি।