গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরের এবারের আয়োজনটি স্বাভাবিকভাবেই ভিন্ন বৈশ্বিক মহামারির কারণেই। তবে আবেগ, উত্কণ্ঠা আর উচ্ছ্বাসের কমতি ছিল না। বছরের সেরা পরিচালক হয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নারী নির্মাতা ক্লোয়ি জাও। কারণ, এশিয়ার প্রথম নারী ও অশ্বেতাঙ্গ নারী হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। ‘নোম্যাডল্যান্ড’ ছবিটি তাকে এই পুরস্কার এনে দিয়েছে।
এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘নোম্যাডল্যান্ড’ ও ‘বোরাত’। সবচেয়ে বেশিসংখ্যক মনোনয়ন পেয়েও ‘ম্যাংক’ ফিরেছে খালি হাতে। ড্রামা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘নোম্যাডল্যান্ড’ এবং কমেডি বা মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বোরাত সাবসিকুয়েন্ট মুভিফিল্ম’। সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন ‘নোম্যাডল্যান্ড’-এর পরিচালক কোল ঝাও। গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি এই পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী। এর আগে ১৯৮২ সালে বারবারা স্ট্রেইস্যান্ড জিতেছিলেন সেরা নির্মাতার পুরস্কার। এদিকে প্রয়াত চ্যাডউইক বোজম্যান ড্রামা বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’ ছবির জন্য।
এবারের গোল্ডেন গ্লোবের আসরটি অনেকটা অনুপ্রেরণার এশীয়দের জন্য। ৩৮ বছর বয়সি ক্লোয়ি জাওয়ের এই অর্জনকে এশীয় অন্যান্য নারী নির্মাতার জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে। চীনের উইবোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রশংসার ঝড় বইছে।
গত রবিবার (বাংলাদেশ সময় ১ মার্চ) বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রেইনবো রুম থেকে টিনা ফে এবং লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটন হোটেল থেকে সঞ্চালনা করেন অ্যামি পোহলার। করোনা মহামারির কারণে অনুষ্ঠানে অতিথি ছিলেন শুধু সামনের সারির যোদ্ধারা। বিজয়ীরা যার যার ঘরে বসে ভিডিওতে যোগ দিয়েছেন।
এক নজরে :
সেরা চলচ্চিত্র (ড্রামা) :নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক : ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা (ড্রামা) :চ্যাডউইক বোজম্যান (মা রেইনি’স ব্ল্যাক বটম)
সেরা অভিনেত্রী (ড্রামা) : আন্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে)
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি) :বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) : সাশা ব্যারন কোহেন (বোরাত সাবসিকোয়েন্ট মুভিফিল্ম)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) : রোজামুন্ড পাইক (আই কেয়ার অ্যা লট)
সেরা পার্শ্ব অভিনেতা :ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া)
সেরা পার্শ্ব অভিনেত্রী :জোডি ফস্টার (দ্য মরিটেনিয়ান)
সেরা বিদেশি ভাষার ছবি :মিনারি (যুক্তরাষ্ট্র)