ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে কাজের সুযোগ করে দিয়েছে জেএসএসএসএল

ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীকে (তৃতীয় লিঙ্গের) কাজের সুযোগ করে দিয়েছে পেশাদার সিকিউরিটি প্রতিষ্ঠান জেএসএস সার্ভিসেস লিমিটেড (জেএসএসএসএল)। সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্যাশন রিটেইলার এইচ অ্যান্ড এম-এর নিরাপত্তা প্রহরী হিসেবে আট জন ট্রান্সজেন্ডার কর্মীকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার রাজধানীর গুলশানে এইচ অ্যান্ড এম-এর প্রধান কার্যালয়ে নিয়োগকৃতদের দায়িত্ব হস্তান্তর করা হয়।

ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী নিয়ে কাজ করা অনন্যা বণিক বলেন, এই জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের কাজের সুযোগ সৃষ্টিতে আরো অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসবে।

এইচ অ্যান্ড এম-এর রিজিওনাল কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান বলেন, এইচ অ্যান্ড এম তার পার্টনার প্রতিষ্ঠানের সহযোগিতায় আট জন ট্রান্সজেন্ডার ব্যক্তিকে নিয়োগ প্রদানের মাধ্যমে বাংলাদেশে লিঙ্গবিষয়ক গতানুগতিক ধারণা বদলে দিচ্ছে।

ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া প্রসঙ্গে জেএসএসএসএল-এর সিইও মো. ফেরদৌস উর রহমান বলেন, সমাজের এই সম্ভাবনাময় জনশক্তিকে কাজে লাগানোর উদ্দেশ্যে আমরা দীর্ঘদিন ধরে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।