প্রেস ক্লাবের নিরাপত্তায় এর কর্তৃপক্ষকেই দায়িত্ব নিতে হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জাতীয় প্রেস ক্লাবের নিরাপত্তা রক্ষায় বহিরাগত প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষকে আরো সজাগ থাকতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। এতে করে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো সম্ভব। প্রেস ক্লাব তো আপনাদের, আপনারাই এর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করুন। জাতীয় প্রেস ক্লাবে সচরাচর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢোকে না। তবে রবিবার কয়েক জন বহিরাগত প্রেস ক্লাবে অবস্থান নেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে এটি পুলিশের একটি কৌশল।’ গতকাল সোমবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, কলেজটিতে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ ও জীবন উত্সর্গকারী পুলিশ সদস্যদের পরিবাররাও পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। সেই সঙ্গে বিউগলে বেজে উঠে করুণ সুর।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে গত বছর বিভিন্ন অবস্থায় বিভিন্ন পদের ৪৫৭ জন মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও তাদের পরিবারের প্রতি শোক-সমবেদনা জ্ঞাপন করেন।