পুলিশকে কেন প্রতিপক্ষ বানানো হয়?

পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তায় সব সময় তত্পর। তাহলে কেন সব সময় পুলিশকে প্রতিপক্ষ বানানো হয়? পুলিশ কারও প্রতিপক্ষ নয়। গতকাল সোমবার মিরপুর-১৪ নম্বর সেকশনে পুলিশ স্টাফ কলেজ অডিটোরিয়ামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পুলিশ সদস্যকে নির্মমভাবে পেটানো হয়েছে। তারপরও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে কাজ করছেন। পুলিশকে পেটানোর ঘটনায় তাদের কাজে  কোনো প্রতিফলন হয়নি। এ বিষয়টি নিয়ে কেউ কোনো কথা বলেনি। যারা এ দেশে বেশি বড় হয়ে এ দেশের বুকে ছুরি মারতে চায় তাদের মুখে ছাই দিতে চায় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, গত রবিবার লেখক মুশতাক আহমেদের জেলহাজতে মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভকারীরা পুলিশের বিনা অনুমতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করার চেষ্টা করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থামানো ও রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করে। এ সময় তারা প্রেস ক্লাবের ভেতরে ঢুকে অবস্থান নেয়। পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ও ছাত্রদল  নেতাকর্মীরা উভয় গ্রুপের ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় রবিবার শাহবাগ থানার এসআই পলাশ সাহা বাদী হয়ে ৪৮ আসামির নাম উল্লেখসহ ২০০/২৫০ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেফতার ১৩ জনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসা করছে।