দেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। গত ফেব্রুয়ারি মাসে সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বন্দুকযুদ্ধের নামে হত্যাকাণ্ড, থানা ও কারা হেফাজতে মৃত্যু ও পুলিশি হয়রানি, অপহরণ এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটেই চলেছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি, নির্যাতন ও হত্যার মতো ঘটনা বরং ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে।
নির্বাচনি সহিংসতা ও হতাহতের ঘটনা, সীমান্তে হত্যা-নির্যাতন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার সর্বোপরি নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের বদলে রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘন করার ঘটনাও উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। রবিবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ফেব্রুয়ারি মাসের জরিপে এই উদ্বেগের কথা প্রকাশ করেছে।