রপ্তানি বাণিজ্যে অল্প পরিচিত বা অপরিচিত আরো অনেক পণ্যই যে আছে তা আমাদের অনেকেরই জানা নেই। যেসব পণ্য থেকে রপ্তানি আয়ও কম নয়। এরকম রপ্তানিপণ্য পোশাকের পাশাপাশি দেশের গ্রামে-গঞ্জে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে নানামুখী রপ্তানি পণ্যের ছোট ছোট কারখানা ও খামার। কেউ দেশীয় কাঁচামাল দিয়ে, আবার কেউ বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে এসব কারখানা ও খামার গড়ে তুলেছেন। এতে কর্মসংস্থান যেমন বাড়ছে, অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রাও। এধরনের ভবিষ্যত্ দক্ষতাভিত্তিক এক শিল্প উদ্যোক্তা রাজীব দেব। তিনি এগ্রোভিশন ও টেকনোভিশনের ম্যানেজিং ডাইরেক্টর এবং হরটেক্স ফাউন্ডেশনের সাধারণ পর্ষদের সদস্য। দেশের পাট ও পাটজাতপণ্য, হোম টেক্সটাইল, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক পণ্য, মত্স্য, পোল্ট্রি, ডেইরি, ওষুধ ও সিরামিকের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকার , মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় ১১৮টি দেশে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে থাকেন। আমাদের মোট জনসংখ্যার শতকার প্রায় ৮০ ভাগ এবং শ্রমশক্তির প্রায় ৬০ ভাগ কৃষিতে নিয়োজিত। গ্রামের উন্নয়নের কথা বলতে গেলে প্রথমে আসে কৃষি উন্নয়ন— কৃষিভিত্তিক শিল্প-বাণিজ্য ও সেবা খাতের উন্নয়ন। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন তথা দারিদ্র্য বিমোচনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিশিল্পের উন্নয়ন এবং এ সেক্টরকে বাণিজ্যিকভাবে লাভজনক করা ও কৃষি সেক্টরের উন্নয়ন সাধনে তিনি কাজ করে যাচ্ছেন প্রান্তিক পর্যায়ের কৃষকের সঙ্গে নিরলসভাবে। কৃষিভিত্তিক দেশ হিসেবে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফসল এবং ফলমূল উত্পাদিত হয়। কিন্তু যার বিরাট একটা অংশ নষ্ট হয়ে যায় পরিবহন তথা পোস্ট হারভেস্টের যথাযথ নিয়মকানুন না মানার কারণে। এধরনের অপচয়রোধে খামার থেকে আন্তর্জাতিক বাজার পর্যন্ত বিপণন প্রক্রিয়ায় মন্ত্রণালয় ও হরটেক্স ফাউন্ডেশন নিজ উদ্যোগে সহযোগিতা করে যাচ্ছে। এতে অপচয় রোধ ও সাশ্রয় হচ্ছে উত্পাদিত কৃষিপণ্য।
বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্ট এক্সপোর্টারস এসোসিয়েশনের সদস্য রাজীব দেবের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষি সমৃদ্ধির লক্ষ্যে ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিজাত পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক উপার্জনের পথ সুগম করতে ঢাকার শ্যামপুরে অবস্থিত কৃষিজাত পণ্যের সেন্ট্রাল প্যাকিং হাউজ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিএফভিএপিইএ’র জনবল ও দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। এখন দেশি-বিদেশি অনেক উদ্যোক্তা বিনিয়োগে আগ্রহী হচ্ছে এ কৃষিপ্রক্রিয়াজাত শিল্পে। কেবল আমাদের সদিচ্ছা ও আন্তরিকতায় এ সেক্টর হতে পারে সমৃদ্ধ; জনবল হয়ে উঠতে পারে আরো দক্ষ, রপ্তানি বাণিজ্যে আসতে পারে আরো গতি।’