হামলার প্রতিবাদে রংপুরে নর্দান প্রাইভেট মেডিক্যাল শিক্ষার্থীদের বিক্ষোভ

অনুমোদনবিহীন নর্দান মেডিক্যাল প্রাইভেট কলেজের মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রংপুর মহানগরীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। বেলা ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর মেডিক্যাল পূর্বগেট এলাকায় নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় রংপুর-গঙ্গাচড়া-লালমনিরহাট রুটে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসে। সেখানে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করে। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, হামলার ঘটনায় প্রধান আসামি সবজুকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।