কৃষিশিক্ষার প্রসারে সর্বাধিক অবদান রাখা বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সবুজে শ্যামলে ভরা এ বিশ্ববিদ্যালয়টি অনেক আগেই সৌন্দর্যকন্যা উপাধি পেয়েছে। ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার, কৃষি জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, রেলওয়ে প্লাটফর্ম ইত্যাদি দর্শনার্থীদের বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। অধিকাংশই ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্নভাবে ক্যাম্পাসে ঢুকে পড়ে। বহিরাগতরা শিক্ষার্থীদের হাঁটাচলার রাস্তায় মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালায়। ফলে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া বহিরাগতদের অশালীন আচরণ ও চলাফেরা ক্যাম্পাসের সুনাম নষ্ট করছে। বহিরাগতরা প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের সুরক্ষিত এলাকায় প্রবেশ করে বিশেষজ্ঞদের গবেষণার নানা ধরনের ক্ষতি করছে যা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠগুলো এলাকাবাসীদের গৃহপালিত পশুর চারণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রশাসনিক অব্যবস্থাপনার জন্য এই অনিয়মগুলো হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইফতেখারুল ইসলাম
শিক্ষার্থী,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ