হ্যাটট্রিক শিরোপা জিততে মরিয়া গেইল

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে শুরু করেছেন প্রস্তুতি। তবে তার নজর কেবল এই সিরিজেই নেই। অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিততে মরিয়া ‘ইউনিভার্স বস।’ ওয়েস্ট ইন্ডিজ দলের আট জন ক্রিকেটারের মধ্যে গেইল একজন যিনি ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল জিতেছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটা করতে পারলে হ্যাটট্রিক টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অনন্য এক রেকর্ড ঝুলিতে জমা হবে তার। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আগস্ট মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলেছিলেন গেইল। এরপর নানা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাকে ব্যস্ত দেখা গেলেও উইন্ডিজের হয়ে দেখা যায়নি। লম্বা সময় পর ফেরা এই বিস্ফোরক ব্যাটসম্যানের ভাবনা ঘুরছে এখন কেবল দলকে ঘিরেই, ‘আমি জানি ফেরার পর কিছুটা নজর আমার দিকে আসবে। কিন্তু সত্যি আমি এটা চাই না। আমরা দলের দৃষ্টিভঙ্গিতে পুরোটা দেখছি। (কাইরন) পোলার্ড  খুব শক্ত অধিনায়ক। আমাদের দলে দারুণ মানসম্মত কিছু খেলোয়াড় আছে। আমি সিরিজটা জিততে চাই। ভালো শুরু এনে দিতে চাই। ফিরতে পারা দারুণ ব্যাপার। আশা করি, আমি পারফরম করব, দলকে সহায়তা দিয়ে জেতার মতো জায়গায় নিয়ে যাব।’ সামনে শ্রীলঙ্কা সিরিজ। কিন্তু গেইলের মাথায় একটাই লক্ষ্য, ‘সিরিজ জেতাটা উদ্যাপন করতে চাই কিন্তু বড় বিষয় হলো সামনে। আমি ঝুলিতে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ পেতে চাই।’