নগরীর আতুরার ডিপো এলাকার একটি তৈরি পোশাক কারখানার ঝুট কাপড়ের গুদাম আগুনে পুড়ে গেছে। গত সোমবার দিবাগত শেষ রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা একটানা চেষ্টা চালিয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আগুনের ঘটনায় যাতে আশপাশে বিস্তার না ঘটে সেজন্য অগ্নিনির্বাপক কর্মীরা আপ্রাণ চেষ্টা চালায়। একদিকে আগুন নেভানোর পর আরেকদিকে আগুন জ্বলে উঠতে দেখা যায়। আগুনের সংবাদ পেয়ে বায়েজিদ ও চন্দনপুরা স্টেশন থেকে চারটি গাড়ি অকুস্থলে পাঠানো হয়।ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বায়েজিদ ফায়ার স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে মোহাম্মদ ইসমাইলের গুদাম ও খোলা জায়গায় রাখা ঝুট কাপড়ে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে।