ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল জাহিদুল ইসলাম নামে এক যুবকের। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট পিপলস সিরামিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল নেত্রকোনা জেলার বারহাট্টা থানার লামাপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় গাড়িচালক হিসেবে চাকরি করতেন। পুলিশ জানায়, সোমবার রাতে জাহিদুল অফিসের সিনিয়র এক কর্মকর্তাকে বারিধারায় পৌঁছে দিয়ে অফিসের গাড়িযোগে নিজ বাসায় ফিরছিলেন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাড়ি থেকে নামলে ১০-১২ জন দুষ্কৃতকারী তাকে ছুরিকাঘাত করে অটোরিকশাযোগে পালিয়ে যায়। টহল পুলিশ রক্তাক্ত অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।