প্রকল্প নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে

প্রকল্প নির্ভরতা কমিয়ে রাজস্ব আহরণ বাড়াতে রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে আয়োজিত রাজস্ব সম্মেলনে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এই নির্দেশনা দেন। তিনি বলেন, ‘আমরা পূর্বে অনেক কিছুই পারিনি। অনেক সীমাবদ্ধতার মধ্যেই আমরা ছিলাম, কারণ আমরা রাজস্ব আহরণ করতে পারিনি। আমাদের সরকারের মুখাপেক্ষী হতে হয়েছে। আমাদের প্রকল্পনির্ভর চলতে হয়েছে। আমরা প্রকল্প জমা দেই, তারপর সরকার আমাদের অর্থ দেয় এবং তারপর অর্থ ছাড় দেওয়া হয়। তারপর আমরা কাজ করি। এই প্রকল্প নির্ভরতা আমাদের কমাতে হবে।’

করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় সম্মেলনে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও সচিব আকরামুজ্জামান বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডিএসসিসির কর কর্মকর্তা, উপ-কর কর্মকর্তা, রেভিনিউ সুপারভাইজার, লাইসেন্স সুপারভাইজার, বাজার সুপারভাইজার ও রেন্ট অ্যাসিস্ট্যান্ট উপস্থিত ছিলেন।