বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ আর নেই

বরিশালের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ (৯০) আর নেই। গত সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। প্রফেসর মো. হানিফ জীবদ্দশায় ব্রজমোহন কলেজ ছাড়াও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ও বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এবং যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কমিটির সাবেক সদস্য ছিলেন।

নগরীর অক্সফোর্ড মিশন রোডস্থ বাসভবনে অশ্বিনী কুমার টাউন হলে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাদ আসর বিএম কলেজ মাঠে জানাজা শেষে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম ও মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার প্রমুখ।