সাবেক সহযোগীকে যৌন হয়রানি

নিউ ইয়র্ক গভর্নরের পদত্যাগের দাবি বাড়ছে

যৌন হয়রানির দায়ে নিউ ইয়র্ক গভর্নরের পদত্যাগের দাবি বাড়ছে। তার ডেমোক্র্যাটিক পার্টির সহকর্মীরাই তার পদত্যাগ দাবি করছেন। তৃতীয় একজন নারীও তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর এই দাবি জোরাল হয়। খবর সিএনএনের

এর আগে গভর্নরের সাবেক দুই নারী সহকর্মী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। এবার অ্যানা রাচ নামের এক ফটোগ্রাফার অভিযোগ করেছেন, গভর্নর অ্যান্ড্রিউ কুওমো ২০১৯ সালে একটি বিবাহের অনুষ্ঠানে তার মুখে হাত দিয়েছিলেন এবং তাকে চুমু দেওয়ার কথা বলেছিলেন। গভর্নর কুওমো বলেছেন, কাউকে তিনি অশালীনভাবে স্পর্শ করেননি। যদিও কেউ তারপরও কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি দুঃখিত। নিউ ইয়র্কের প্রভাবশালী কংগ্রেসউইমেন ক্যাথালিন রাইস গভর্নর কুওমোর পদত্যাগ দাবি করেছেন। একই দাবি করেছেন নিউ ইয়র্কের সিটি কাউন্সিলর অ্যান্টোনিও রেনোসো। এছাড়া বিরোধীরাও তার পদত্যাগ চাইছেন। এর আগে লিন্ডস বোইলান এবং শার্লেট বেনেটও তাদের যৌন হয়রানির জন্য গভর্নর কুওমোকে দায়ি করেন।