ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বাড়ির মালিকের ছেলের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে বাসার ছাদ থেকে পড়ে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজরিয়ান মোস্তফা মৌমিতার মৃত্যুতে মামলা হয়েছে। ঘটনার তিন দিন পর সোমবার রাতে মৌমিতার বাবা মো. কামাল মোস্তফা খান শামীম বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন। বাড়ির মালিকের ছেলে ফাইজারসহ কয়েক জনকে এ মামলায় আসামি করা হয়েছে। মৌমিতা মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ জানান, সোমবার রাতে ?নিহতের পরিবার একটি হত্যা মামলা করেছে। তারা মামলাটি তদন্ত করছেন।

এদিকে নিহত মৌমিতার ফুপা মো. মোসাব্বির হোসেন বলেন, বাড়ির মালিকের ছেলে ফাইজারসহ কয়েক জনকে আসামি করে কলাবাগান থানায় সোমবার রাতে আমরা মামলা করেছি। মৌমিতা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করার পর পড়ালেখা করার জন্য মা-বাবাসহ মালয়েশিয়ায় চলে যান। করোনার সময় গত বছরের জুন মাসে তারা দেশে আসে। তার পরিবারের দাবি, দেশে আসার পর থেকে ফাইজার বিভিন্ন সময় মৌমিতাকে উত্ত্যক্ত করত। ফাইজারের পরিবারকে এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও তারা কোনো প্রতিকার পাননি। উলটো এ বিষয়ে ফাইজারের পরিবার তার পক্ষে কথা বলেছে।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে ধানমন্ডির ৮ নম্বর রোডের বাসার ছাদে যান মৌমিতা। পরে সন্ধ্যা ৬টার দিকে ভবনের পেছনের গলিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে গ্রিনলাইফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্রে জানা গেছে, তাকে ধর্ষণ বা বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল কি না তা জানতে রক্ত, ভিসেরা ও সোয়াবের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। শনিবার ময়নাতদন্ত শেষে তাকে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।