মিয়ানমারে বিক্ষোভে ফের গুলি, আহত ২০

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর আবারো গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। গতকাল মঙ্গলবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা কর্তৃক অং সান সু চি সরকারকে অপসারণ করার প্রতিবাদে বিক্ষোভ চলছিল। এদিকে সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস বা আসিয়ানভুক্ত দেশগুলো সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর রয়টার্সের

প্রতিবাদকারীরা পুলিশের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মেরেছে। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেছেন, তাজা গুলিতে চার জন আহত হওয়ার পাশাপাশি পুলিশের রবার বুলেটে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া দেশটির বৃহত্তম শহর ইয়াগুনের বিভিন্ন স্থানেও বিক্ষোভ হয়েছে। কয়েকশ’ বিক্ষোভকারী ব্যারিকেডের পেছনে অবস্থান নিয়ে সামরিক শাসন বিরোধী স্লোগান দিয়েছে। তাদের অনেকের মাথায় শক্ত টুপি ও হাতে নিজেদের বানানো ঢাল ছিল। তারা বলেছে, আমাদের নির্যাতন করা হলে বিস্ফোরণ ঘটবে। আমাদের আঘাত করা হলে পালটা আঘাত হানা হবে। নগরীর চারটি পৃথক অংশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড ছোড়ে। তবে এখানে কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।