বড় বোনের পথ ধরে...

একই পরিবারের বড় ভাই কিংবা বোনকে অনুসরণ করে তার মতো হতে মনে ইচ্ছে জাগে অনেকের। বড় ভাই কিংবা বোনটি যদি বিখ্যাত প্রতিষ্ঠিত নামি-দামি কেউ হন তাহলে তো কথাই নেই। ইসাবেলার মনেও তেমন ইচ্ছে জেগেছিল বড় বোন বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে দেখে। ৭ বোন ১ ভাইয়ের সংসারে সবার ছোটবোন হিসেবে বড়দের আদর-স্নেহ পেয়ে এসেছেন ছোটবেলা থেকে। ইসাবেলা কাইফ দুর্দান্ত সুন্দরী এক তরুণী। ৩৪-এ পা রাখলেও তাকে দারুণ ফ্রেশ এবং স্নিগ্ধ মনে হয়। হংকংয়ে জন্ম হলেও বেড়ে উঠেছেন লন্ডনে। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানকার লি স্ট্রাসবার্গ থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন। ১৪ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ইসাবেলা। ‘বুম’ ছবির মাধ্যমে ১৮ বছর আগে বলিউডে পথচলা শুরু করেছিলেন বড় বোন ক্যাটরিনা কাইফ। বর্তমানে বলিউডে প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীর মধ্যে তিনি একজন। এবার বড় বোনের পথ অনুসরণ করে হিন্দি সিনেমায় পা রাখছেন ইসাবেলা। তার অভিনীত প্রথম বলিউডি সিনেমা ‘টাইম টু ড্যান্স’ মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। ছবিটি পরিচালনা করেছেন স্ট্যানলি মেনিনো ডি কস্টা। নাচের প্রতি ভালোবাসা ও প্যাশন উঠে এসেছে এ ছবির মূল চিত্রনাট্যে। ইতিমধ্যে ‘টাইম টু ড্যান্স’ ছবির ট্রেলার টিজার মুক্তি পেয়েছে। ট্রেলারে দেখা যায়, একটি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসাবেলাকে তৈরি হতে। কিন্তু নাচতে গিয়ে হঠাত্ দুর্ঘটনার শিকার হন তিনি। আহত হয়ে পড়ে থাকেন। ফলে তার সঙ্গী তাকে ফেলে চলে যান। তেমন বিপদে ইসাবেলাকে সাহায্য করতে এগিয়ে আসেন আরেক তরুণ নৃত্যশিল্পী। এ ছবিতে ইসাবেলার বিপরীতে অভিনয় করেছেন সুরুজ পাঞ্জোলি। এখানে বলরুম ড্যান্স ও ল্যাটিন ড্যান্সকে প্রাধান্য দেওয়া হয়েছে। বলিউডে নাচনির্ভর সিনেমা আগেও হয়েছে, এখন হচ্ছে। তবে ইসাবেলা অভিনীত ‘টাইম টু ড্যান্স’ হিন্দি সিনেমার দর্শকদের জন্য ভিন্ন স্বাদ নিয়ে আসছে। প্রথম অভিনীত ছবিতে বাজিমাত করার স্বপ্ন দেখছেন তিনি। তার বলিউডে অভিষেক নিয়ে অনেকদিন থেকে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। প্রথমে শোনা গিয়েছিল সালমান খানের কোনো সিনেমা দিয়ে অভিনেত্রীরূপে বলিউডে ইসাবেলার অভিষেক হবে। সালমান বরাবরই তাকে ক্যাটরিনার চাইতে ভালো অভিনেত্রী ভাবেন। অনেকবার মুখ ফুটে বলেছেনও। কিছুদিন আগে ইসাবেলার একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে, তাতে তার মনোমুগ্ধকর পারফরমেন্স দেখে টুইটারে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সালমান। কানাডিয়ান ফিল্ম ‘ড. কসবি’র মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার শুরু ইসাবেলা কাইফের। এতে তার বিপরীতে ছিলেন ব্রিটিশ অভিনেতা কুনাল। ঐ ছবির একজন অন্যতম প্রযোজক ছিলেন সালমান খান। এর মধ্যে ‘হোম কামিং’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন ইসাবেলা। এতে তার সহশিল্পী অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর। শুধু অভিনেত্রী বা মডেল নয়, ২০১৪ সালে একজন সহকারি পরিচালক হিসেবে সিনেমায় কাজ করেছেন এই সুন্দরী আকর্ষণীয় ফিগারের তরুণী। বড় বোন ক্যাটরিনার মতো ইসাবেলাও ফিটনেস সচেতন। সেইসঙ্গে দেশ-বিদেশে ভ্রমণ করতেও বেশ পছন্দ তার। এতদিন ক্যাটরিনার ছোটবোন হিসেবে তাকে সবাই কম-বেশি চিনলেও প্রথম অভিনীত বলিউডি সিনেমা ‘টাইম টু ড্যান্স’ মুক্তির আগে এর ট্রেলার দেখে অনেকেই চমকিত হয়েছেন। রীতিমতো সেনসেশন সৃষ্টি করেছেন ইসাবেলা। সবার চোখ এখন তার দিকে। প্রথম অভিনীত সিনেমায় কেমন করেন তিনি তা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। বলিউডে প্রথম অভিনীত ছবিটি মুক্তির আগেই ইতিমধ্যে আরো কয়েকটি নতুন সিনেমায় কাজ শুরু করে দিয়েছেন ইসাবেলা। অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে তাকে দেখা যাবে আগামীতে ‘সুস্বাগতম খুশামদিদ’ ছবিতে। এছাড়াও সালমান খানের প্রযোজনায় তার ছোটবোনের স্বামী তরুণ প্রজন্মের অভিনেতা আয়ুশ শর্মার বিপরীতে আরেকটি ছবিতে অভিনয় করছেন ইসাবেলা।