চট্টগ্রামের মেয়ে সৈয়দা তিথি অমনি। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। সাধারণত বলিউডে এই উচ্চতার নায়িকার দেখা খুব সহজে মিললেও বাংলাদেশের দর্শকরা বড়পর্দায় সচারচর দেখতে পান না বললেই চলে। তবে এবার পাবেন। কারণ জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ সিনেমায় নবনীতা চরিত্রে অভিনয় করছেন অমনি। গত ২৬ ফেব্রুয়ারি থেকে এ সিনেমার কাজ শুরু হয়েছে। অমনি বাংলাদেশের সিনেমায় কাজ শুরু করার আগে মডেল হিসেবে বেশকিছু কাজ করে দর্শক ও নির্মাতার নজর কাড়েন।
বেশ কিছু দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে ২০১৬ সালে কাজ শুরু করেন অমনি। অল্প সময়ে বিলবোর্ড, টেলিকমের বেশকিছু টিভিসিতে কাজ করে পান জনপ্রিয়তা। এরইমধ্যে ‘ব্যাড বয়েজ’ নামের ওয়েব সিরিজে কাজ করেছেন। এছাড়া সাব্বির নাসিরের গাওয়া এবং তানিম রহমান অংশুর পরিচালনায় ‘পোকা’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেও বেশ প্রশংসিত হন। এবার ‘মাসুদ রানা’ সিনেমায় নারী গোয়েন্দা চরিত্রে হাজির হবেন অমনি। এ সিনেমার সেটে কাজ শুরু করার আগে কথা হয় অমনির সঙ্গে। অমনি বলেন, ‘গোয়েন্দা চরিত্রটি করতে গিয়ে নানা ধরনের প্রস্তুতি নিতে হয়েছে আমাকে। ফাইটিং নিয়ে ক্লাস করা হয়েছে আলাদা করে। এর আগে বলতে হয়, জাজ মাল্টিমিডিয়ার ‘এমআর৯’ নামের ছবিতে প্রথম চুক্তিবদ্ধ হই আমি। এরপর তো করোনাকালে সব কাজই বন্ধ ছিল। কাজটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর জানতে পারলাম বাংলাদেশ থেকেও একটি ‘মাসুদ রানা’ নামক চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। দেশীয় ‘মাসুদ রানা’ ছবিটি প্রযোজনা করবে জাজ। তখন এই ছবিতে আমার ‘এমআর৯’র মতো গোয়েন্দা ধরনের চরিত্রে কাজ করার প্রস্তাব পেয়ে আমি রাজী হয়ে যাই। বাংলা ভাষার আলোচিত গুপ্তচর কাহিনির এ ছবিটি পরিচালনা করছেন মেধাবী নির্মাতা সৈকত নাসির ভাই। ছবিতে আমার চরিত্রের নাম থাকছে নবনীতা।’ কেমন ধরনের চরিত্র নবনীতা? এ বিষয়ে অমনী বলেন, ‘মিশন ইম্পসিবল, জেমস বন্ড সিরিজের সিনেমাগুলো কম-বেশি সকলেই দেখেছেন। আমিও অভিনয় করার আগে এই ধরনের সিনেমাগুলো দেখতাম। এসব সিনেমায় যে ধরনের ফাইটিং/অ্যাকশন দৃশ্য থাকে সেটা আমাদের সিনেমাতেও থাকছে। ‘মাসুদ রানা’ সিনেমায় দর্শকরা আমাকে ফাইটও করতে দেখবেন। এছাড়াও নবনীতাকে দর্শকরা আইটি এক্সপার্ট হিসেবে দেখতে পাবেন। যার কাজ হবে খুব কৌশলী।’