দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ১-৩-২১ তারিখের একটি খবর পড়ে খারাপ লাগল। আমরা শিক্ষায় অনেক দূর এগিয়েছি। কিন্তু আমাদের মানসিক এবং সামাজিক পরিবর্তন এখনো মনে হয় পুরোপুরি হয়ে ওঠেনি। প্রচলিত আইনে ধর্ষকের সর্বোচ্চ বিচার হবে—এমনটাই প্রত্যাশা। যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো একজন শিক্ষকের বিবৃতি। তিনি বলেছেন, মেয়েটি অপরাধ করেছে। এজন্য সমাজের লোকজন একত্রিত হয়ে বিচারের রায়ে পরিবারটির প্রতি সমাজচ্যুতির মতো সিদ্ধান্ত নিয়েছেন। যিনি শিক্ষক তিনি তো সমাজের বিবেক। তাঁর এবং সমাজের মানুষগুলোর উচিত ছিল কিশোরী এবং তার পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু তার পরিবর্তে পরিবারটিকে এখন একঘরে করে রাখা হয়েছে। তাদের আত্মীয়স্বজনও তাদের সঙ্গে কথা বলে না এবং সমাজপতিদের ভয়ে তাদের এড়িয়ে চলা শুরু করেছে। এটা কেমন কথা? দেশে আইন আছে। প্রশাসন আছে। আছে বিচারব্যবস্থা। এদের আইনের আওতায় এনে এই জাতীয় বিচার করার অপরাধে শাস্তির ব্যবস্থা করা হোক।
কামরুজ্জামান
সহকারী অধ্যাপক, ভূগোল বিভাগ,
মুক্তিযোদ্ধা কলেজ, ভাওয়ালগড়, গাজীপুর