পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

খুলনা :খুলনায় বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম সাথী বেগম (২৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী আশরাফুল ইসলাম। খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলা সদরের দামোদর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, মঙ্গলবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গায় ওভারটেক করার সময় কাঠ বোঝাই ট্রাকের ধাক্কায় মাছবাহী ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের নাম জিসান (১৮)। সে সাতক্ষীরার বরজাবাটকা এলাকার বজলুর রহমানের ছেলে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর হরিণটানা থানার এসআই কৃষ্ণসিন্ধু তরফদার জানান, ট্রাক দুটি আটক করা হয়েছে। তবে দুই চালক পলাতক রয়েছে।

নওগাঁ :নওগাঁ-রাজশাহী মহাসড়কে বুধবার সকালে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টের মৃত্যু হয়েছে। নিহতের নাম গফুর আলী (৫৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর একজন। মহাদেবপুর উপজেলার ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর থানার নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ জিয়াউর রহমান জিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বধলা (নেত্রকোনা) :পূর্বধলায় মঙ্গলবার রাতে ট্রাকের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তানিয়া আক্তার (৯)। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তানিয়া উপজেলা সদর ইউনিয়নের খারছাইল গ্রামের নুরুল হকের মেয়ে। পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঁচবিবি (জয়পুরহাট) :পাঁচবিবি-হিলি সড়কের আটাপাড়া বিওপি ক্যাম্পের দক্ষিণে মঙ্গলবার বিকালে আখ বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, জয়পুরহাট চিনিকলের বহন করা আখের গাড়ি থেকে আখ টানতে গিয়ে অসাবধানতাবশত ট্রাক্টরের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালুকা (ময়মনসিংহ) :ভালুকায় বুধবার বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মনিরুজ্জামান রুবেল (৩৫)। দুর্ঘটনায় নিহতের সঙ্গে থাকা তার শিশুসন্তান লিয়াম (১০) আহত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার সরকারি কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল ত্রিশালের রাগামারা গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে। ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।