দর্শনা কেরু চিনিকলে মুক্তিযোদ্ধা কোটার দাবিতে বিক্ষোভ

দর্শনা কেরু চিনিকলে ৩০% মুক্তিযোদ্ধা কোটার দাবিতে বুধবার দুপুরে স্থানীয় চিনিকল ইউনিট কমান্ড মিলের এমডির অফিস ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। দামুড়হুদা মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সভাপতি ও দর্শনা কেরু চিনিকল ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলি জানান, গত দুই বছরে চিনিকল কর্তৃপক্ষ গোপনে প্রায় ২০০ লোক নিয়োগ করেছেন, কিন্তু সরকারি নির্দেশনা থাকলেও মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা দেওয়া হয়নি। সে দাবিতেই ঘেরাওসহ অন্যান্য কর্মসূচি চলমান রয়েছে। দর্শনা থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাইদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হবে।