চুরি-ডাকাতি রোধে লাকসামে পুলিশ ও জনতার পাহারা!

লাকসামে পুলিশ-জনতার রাত্রিকালীন যৌথ পাহারা চলছে। চুরি-ডাকাতি রোধে এ উদ্যোগ নিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার। মঙ্গলবার রাতে এ পাহারা কার্যক্রম উদ্বোধন করা হয়। ঐ রাতে কুমিল্লা জেলা পুলিশের লাকসাম-মনোহরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলামের নেতৃত্বে লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ও অন্য কর্মকর্তারা বিভিন্ন এলাকায় পাহারায় অংশ নিয়েছেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলিশের সঙ্গে লাঠি-বাঁশি নিয়ে ঐ পাহারায় যোগ দেন।

লাকসাম থানার এস আই মনোজ কান্তি কুরি জানান, মঙ্গলবার রাতে লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ও লাকসাম পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় তারা টহল দিয়েছেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মনসুর ও ইউপি সদস্য জামাল হোসেন উপস্থিত ছিলেন। কুমিল্লা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিতুল ইসলাম জানান, বর্তমান পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে চুরি-ডাকাতি রোধে আমরা প্রতি রাতে পাহারার এ কর্মসূচি পালন করব। এতে চুরি-ডাকাতি যেমনি কমবে, তেমনি পুলিশ ও জনতার মধ্যে সম্পর্ক গভীর হবে।