চাটমোহরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই

চাটমোহরে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর-পাবনা সড়কের উপজেলার রতনপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে চাটমোহর থানায় অভিযোগ দায়ের হয়েছে। জানা গেছে, এদিন সন্ধ্যায় উপজেলার রতনপুর ব্রিজের অদূরে ফাঁকা জায়গায় অটোরিকশাটিকে একটি মাইক্রোবাস পথরোধ করে। মাইক্রোবাস থেকে চার জন ব্যক্তি এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা যাত্রীকে মাদক ব্যবসায়ী হিসেবে আটক করে। একই সময় অটোরিকশাচালক সবুজ মণ্ডলকে ঐ যাত্রীর সহযোগী হিসেবে আটক করে মাইক্রোবাসে তুলে নেয়। অটোরিকশার চাবি ডিবি পুলিশ পরিচয় দেওয়া এক জন নিয়ে নেয়। পরে টেবুনিয়া হটিকালচার এলাকায় অটোরিকশাচালক সবুজকে মারধর করে তার মোবাইল ফোনসেট ও নগদ কিছু টাকা নিয়ে তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে চলে যায়। এ বিষয়ে চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশীর জানান, অভিযোগ পাওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।